মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও
মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র স্থানগুলোতে হামলা চালানো ইসলামের মূল শিক্ষা ও মানবতাবোধের চরম পরিপন্থী, কারণ ইসলাম সব ধরনের আগ্রাসন নিষিদ্ধ করে জীবন ও মর্যাদার সুরক্ষাকে গুরুত্ব দেয়। কোটি কোটি মুসলিমের অনুভূতি জড়িত থাকায় এসব স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ।
বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন শায়খ সুদাইস। বিশৃঙ্খলা ও বিভাজন এড়িয়ে মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর নির্দেশ মেনে কঠিন সময়ে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পরিশেষে তিনি সৌদি আরবের নিরাপত্তা, পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও স্থায়িত্ব কামনায় বিশেষ দোয়া করেন।
এসআর