[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

জেদ্দায় খুলল 'হাউস অব ইসলামিক আর্টস'

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১১:৪৭ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের জেদ্দায় আত্মপ্রকাশ করেছে দেশটির প্রথম ইসলামিক শিল্পকলা বিষয়ক

 বিশেষায়িত জাদুঘর 'হাউস অব ইসলামিক আর্টস'। ১৫শ শতাব্দীর দীর্ঘ ইতিহাস পরিক্রমায় গড়ে ওঠা ১ হাজারের বেশি দুর্লভ ও ঐতিহাসিক শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহশালা। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, চীন ও ভারত থেকে শুরু করে উত্তর আফ্রিকার মাগরেব এবং স্পেনীয় আন্দালুসিয়া পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বের অতুলনীয় কারুশিল্প ও অনন্য উদ্ভাবনী ক্ষমতার নিদর্শন এখানে প্রদর্শন করা হয়েছে।

​এই জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর আরবি ক্যালিগ্রাফি বিভাগ। সাধারণ লিখনপদ্ধতি কীভাবে সময়ের আবর্তে আধ্যাত্মিক শিল্পে রূপ নিয়েছে, তা ফুটিয়ে তোলা হয়েছে এখানকার বিরল কোরআনের পাণ্ডুলিপিগুলোতে। বিশেষ প্রদর্শনী সামগ্রীর মধ্যে রয়েছে ২.৬ মিটার দীর্ঘ একটি কাপড়ের টুকরো, যাতে অতিসূক্ষ্ম অক্ষরে পবিত্র কোরআনের এক-তৃতীয়াংশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া এমন একটি অনন্য পাণ্ডুলিপিও রয়েছে, যার প্রতিটি অক্ষরের অবয়বের ভেতরে খোদাই করা আছে মহান আল্লাহর এক একটি গুণবাচক নাম।

​ইতিহাস গবেষক ও দর্শনার্থীদের জন্য জাদুঘরটিতে রয়েছে মুদ্রার এক সমৃদ্ধ সম্ভার। প্রাথমিক ইসলামিক রাষ্ট্র, উমাইয়া ও আব্বাসীয় আমলসহ বিভিন্ন মুসলিম রাজবংশের হাজার হাজার ঐতিহাসিক মুদ্রা স্থান পেয়েছে এখানে, যা তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলামী সভ্যতার বিকাশকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ক্যালিগ্রাফি ও মুদ্রার পাশাপাশি প্রাচীন সিরামিক, সুতা ও বস্ত্রের তৈরি নিদর্শন এবং স্থাপত্যকলার নানা প্রাচীন উপাদানও এই সংগ্রহে রাখা হয়েছে।

​ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে জাদুঘরটিতে। নিয়মিত ইন্টারেক্টিভ ডিসপ্লে, সাময়িক প্রদর্শনী, শিক্ষামূলক কর্মশালা ও সেমিনারের আয়োজনের মাধ্যমে এটি একটি গতিশীল ও প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর