নতুন ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগত দর্শনার্থীদের সংখ্যা ২২
দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররমের শেষ পর্যন্ত মোট ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন ওমরাহ যাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সংস্থা দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মূল লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখেই দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ওমরাহ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও সহজ করতে দেশটিতে ডিজিটাল সেবার মান ক্রমাগত উন্নত করা হচ্ছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের সিংহভাগ অর্থাৎ ৭৫ শতাংশই আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ যাত্রী এসেছেন দেশটির বিভিন্ন স্থল ও সমুদ্র বন্দর দিয়ে।
ওমরাহ যাত্রী আসার সংখ্যার দিক থেকে দেশগুলোর মধ্যে এবারও শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ করতে সৌদি আরবে এসেছেন। এর পরেই ১ লাখ ৭০ হাজার যাত্রী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। আর ১ লাখ ৩০ হাজার ওমরাহ যাত্রী নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইরাক।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ যাত্রার পরিকল্পনা থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যেন আরও সহজ, মসৃণ ও উচ্চ মানসম্পন্ন হয়, সেজন্য তারা ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রেখেছে।
এসআর