[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

হজের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১০:৩৯ এএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে।

পাশাপাশি হজ ফ্লাইটের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নতুন হজ প্যাকেজ ও নির্দেশিকা তুলে ধরেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সৌদি আরবের প্রশংসা অর্জন করেছে।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সেবামুখী করতে সৌদি সরকার ২০২৭ সাল থেকে আবাসন, পরিবহন, ক্যাটারিং, তাঁবুসহ বিভিন্ন সেবাকে সমন্বিত সার্ভিস প্যাকেজের আওতায় এনেছে।

আগের চারটির পরিবর্তে এবার থাকবে তিনটি সার্ভিস প্যাকেজ এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।

ঘোষিত সরকারি হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা

এ প্যাকেজে মক্কায় হারাম শরিফের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।

মিনায় জোন-২-এ তাঁবু ও নির্ধারিত সার্ভিস প্যাকেজ অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। অতিরিক্ত অর্থের বিনিময়ে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।

অন্যদিকে সরকারি হজ প্যাকেজ-২-এর মূল্য রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, যা এবার সবচেয়ে কম খরচের সরকারি প্যাকেজ।

এতে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববির সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।

মিনায় জোন-৫-এ তাঁবু ও নির্ধারিত সেবা নিশ্চিত করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববি থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে।

প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন অবস্থান করতে পারবেন। মিনায় জোন-৫-এ তাঁবু, নির্ধারিত সার্ভিস প্যাকেজ ও খাবারের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে।

ধর্মমন্ত্রী জানান, সরকার নির্ধারিত সেবার মানের নিচে কোনো বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে না। সব প্যাকেজ হজ পোর্টাল ও সংশ্লিষ্ট এজেন্সির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

দমে শুকর, দমে কিরান এবং ক্যাটারিংয়ের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ অনুমোদন দেওয়া হবে না।

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবার যে দেশে থাকবেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন।

তাদের অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। প্রাথমিকভাবে হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে আড়াই লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে।

পরে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।

সম্ভাব্য সূচি অনুযায়ী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর