পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মুসল্লিরা জামাতে অংশ নেন।
ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, প্রবেশপথ ও ওজুর ব্যবস্থাও রাখা হয়। পাশাপাশি মেডিকেল টিম ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আয়োজকদের তথ্যমতে, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী মুসল্লিও ছিলেন।
এসআর