দোকানের ব্যয়বহুল প্রসাধনী বাদ দিয়ে রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদানের মাধ্যমেই ত্বকের
স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব। প্রাকৃতিক এসব উপাদান ব্যবহারের ফলে যেমন ত্বকে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ কমে, তেমনি খরচও বাঁচে অনেকাংশে। ঘরে বসেই নিজের ত্বকের ধরন অনুযায়ী এসব উপাদান দিয়ে তৈরি করা যায় কার্যকরী ফেসপ্যাক ও স্ক্রাব।
ত্বকের যত্নে রান্নাঘরের যেসব উপাদান দারুণ কার্যকর, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
১. ওটমিল ও মধুর ফেসপাস্ক
সংবেদনশীল ত্বকের জন্য ওটমিল অত্যন্ত উপকারী, কারণ এতে রয়েছে প্রদাহ-বিরোধী গুণ। অন্যদিকে, মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ প্রতিরোধে সাহায্য করে।
তৈরি ও ব্যবহার: ২ টেবিল চামচ গুঁড়া ওটমিলের সঙ্গে ১ টেবিল চামচ কাঁচা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করা যেতে পারে।
২. নারিকেল তেল ও চিনির স্ক্রাব
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন খুবই জরুরি। নারিকেল তেল ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে এবং চিনি মৃত কোষ সরাতে সাহায্য করে।
তৈরি ও ব্যবহার: ১ কাপ দানাদার চিনির সঙ্গে ১/২ কাপ নারিকেল তেল ভালোভাবে মেশান (পছন্দমতো সুগন্ধের জন্য এসেনশিয়াল অয়েল যোগ করা যেতে পারে)। ভেজা ত্বকে বৃত্তাকার গতিতে এটি লাগিয়ে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করা নিরাপদ।
৩. অ্যাভোকাডো ও দই ফেসপ্যাক
অ্যাভোকাডোতে থাকা ভিটামিন ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে পুষ্টি জোগায়। পাশাপাশি দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে মৃদুভাবে এক্সফোলিয়েট করে উজ্জ্বল করে তোলে।
তৈরি ও ব্যবহার: আধাতরা পাকা অ্যাভোকাডো চটকে তার সঙ্গে ২ টেবিল চামচ সাধারণ দই মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি বেশ উপকারী।
৪. গ্রিন টি ও লেবুর টোনার
ত্বকের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখতে এবং লোমকূপ সংকুচিত করতে টোনারের জুড়ি নেই। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং লেবুর রস ভিটামিন সি-এর প্রাকৃতিক উৎস।
তৈরি ও ব্যবহার: গ্রিন টি ভিজিয়ে ঠান্ডা করে তার সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। মুখ পরিষ্কারের পর এটি স্প্রে করতে পারেন অথবা কটন প্যাড দিয়ে লাগাতে পারেন।
৫. অলিভ অয়েল ও ব্রাউন সুগার লিপ স্ক্রাব
ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে এবং ঠোঁট নরম রাখতে এই স্ক্রাবটি দারুণ কার্যকর।
তৈরি ও ব্যবহার: ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে ঠোঁটে বৃত্তাকার গতিতে আলতো করে স্ক্রাব করুন। এরপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে প্রিয় কোনো লিপবাম লাগিয়ে নিন। সপ্তাহে এক বা দুবার এটি ব্যবহার করা যেতে পারে।
এসআর