[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

প্যাকেটজাত নয়, রান্নায় নিখুঁত স্বাদ আনতে ঘরেই বানিয়ে নিন এই ৪ মসলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ এএম

সংগৃহীত ছবি

রান্নাকে সুস্বাদু ও আকর্ষণীয় করে তুলতে সঠিক মসলার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার থেকে

 কেনা রেডিমেড মসলার প্যাকেট দীর্ঘদিন খোলা থাকলে তা সুগন্ধ হারিয়ে ফেলে এবং স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হওয়ার ভয় থাকে। তাই স্বাদ ও মান বজায় রাখতে আস্ত মসলা দিয়ে ঘরেই গুঁড়া মসলা তৈরি করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে খাবারের স্বাদে সতেজতা আসে এবং উপকরণের গুণগত মান বজায় থাকে।

​দৈনন্দিন রান্নায় ব্যবহারের জন্য ঘরেই সহজে তৈরি করা যায় এমন ৪টি মসলার মিশ্রণ ও প্রস্তুতপ্রণালী নিচে দেওয়া হলো:

১. গরম মসলা

  • উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ চা চামচ গোলমরিচ, ৪-৫টি ছোট এলাচ, ২টি বড় (কালো) এলাচ, ১ ইঞ্চি দারুচিনি, ৪-৫টি লবঙ্গ এবং ১টি তেজপাতা।
  • তৈরির নিয়ম: সবকটি আস্ত মসলা কম আঁচে হালকা টেলে নিন যতক্ষণ না সুন্দর সুবাস বের হয়। মসলাগুলো ভালোভাবে ঠান্ডা হলে তা মিহি গুঁড়া করে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন।

২. চাট মসলা

  • উপকরণ: ২ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ বিট লবণ, ১ চা চামচ খাবার লবণ, ১ চা চামচ গোলমরিচ, ১ চা চামচ আমচুর (শুকনো আমের গুঁড়া) ও ১/২ চা চামচ আদার গুঁড়া।
  • তৈরির নিয়ম: ধনিয়া ও জিরা প্রথমে হালকা টেলে নিয়ে ঠান্ডা করুন। এরপর টেলে রাখা মসলা ব্লেন্ড করে তার সঙ্গে বিট লবণ, সাধারণ লবণ, আমচুর ও আদার গুঁড়া ভালোভাবে মিশিয়ে শুকনো জারে রেখে দিন।

৩. সবজি মসলা

  • উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ গোলমরিচ, ৪টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি, ১ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ চা চামচ মরিচ গুঁড়া।
  • তৈরির নিয়ম: আস্ত মসলাগুলো ড্রাই রোস্ট বা টেলে নিয়ে ঠান্ডা করে মিহি করে গুঁড়া করে নিন। এরপর এই গুঁড়ার সাথে হলুদ ও মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে কাচের বোতলে ভরে সংরক্ষণ করুন।

৪. বিরিয়ানি মসলা

  • উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ গোলমরিচ, ২টি কালো এলাচ, ৫টি ছোট এলাচ, ৬টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি, ১টি স্টার অ্যানাইস (তারা মসলা), ১টি তেজপাতা ও ১ চা চামচ জয়ত্রী।
  • তৈরির নিয়ম: সব উপকরণ কম আঁচে মচমচে করে টেলে নিন। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে মিহি গুঁড়া করে একটি এয়ারটাইট কন্টেইনারে রেখে দিন। বিরিয়ানি রান্নার সময় রুচি অনুযায়ী এটি ব্যবহার করুন।

​খাবারে খাঁটি স্বাদ ও চমৎকার গন্ধ পেতে ঘরে তৈরি এসব সতেজ গুঁড়া মসলা দৈনন্দিন রান্নার মান বহুলাংশে বাড়িয়ে দেয়।

এসআর

সম্পর্কিত খবর