[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

রক্তনালি পরিষ্কার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে ৫ খাবার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৪ এএম

সংগৃহীত ছবি

ধমনিতে চর্বি জমে বা রক্তনালি সরু হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, যা সরাসরি হার্ট

 অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে ধমনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সঠিক জীবনযাত্রা, চিকিৎসকের পরামর্শ এবং খাদ্যতালিকায় কিছু বিশেষ খাবার যুক্ত করলে রক্তনালি মেরামত ও সুস্থ রাখা সম্ভব।

​রক্তনালির স্বাস্থ্য ভালো রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যেসব খাবার কার্যকরী ভূমিকা রাখে:

  • কপি জাতীয় সবজি: বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি ও ব্রাসেল স্প্রাউটে আইসোথাইওসায়ানেট এবং গ্লুকোসিনোলেট থাকে। এগুলো রক্তনালির প্রদাহ দূর করে এবং ধমনীতে প্লাক জমতে বাধা দেয়।
  • আখরোট: এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও আলফা-লিনোলেনিক অ্যাসিড রক্তের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমায়, রক্ত জমাট বাঁধতে দেয় না এবং ধমনীর নমনীয়তা বজায় রাখে।
  • তৈলাক্ত মাছ: রুই, কাতলা, ইলিশ, মাগুর ও শিঙি মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • বিট: বিটের নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালি প্রসারিত করে, যা স্বাভাবিক রক্তসঞ্চালন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • ডার্ক চকোলেট: এর ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিড্যান্ট ধমনি পরিষ্কার রাখে এবং নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে রক্ত চলাচলের পথ সহজ করে।

​এসব উপাদান অত্যন্ত উপকারী হলেও পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপের রোগীদের খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত ডার্ক চকোলেট খেলে ক্যালোরি ও শর্করা বাড়তে পারে। তাই সুষম খাদ্য গ্রহণ এবং প্রক্রিয়াজাত তেল-মসলাজাতীয় খাবার এড়িয়ে চলাই হৃদযন্ত্র সুস্থ রাখার মূল উপায়।

এসআর

সম্পর্কিত খবর