ঋতু পরিবর্তনের এই সময়ে দেশে সাধারণ ভাইরাসবাহিত সর্দি-কাশি এবং ডেঙ্গু জ্বরের
প্রকোপ একসাথে বাড়ছে। দুটির প্রাথমিক উপসর্গ কাছাকাছি হওয়ায় অনেকেই কোনটা সাধারণ সর্দি-জ্বর আর কোনটা ডেঙ্গু, তা সহজে বুঝতে পারেন না। তবে শারীরিক কিছু নির্দিষ্ট লক্ষণ খেয়াল করলে দুটির ফারাক বোঝা সম্ভব।
সাধারণ সর্দি-কাশিতে সাধারণত মৃদু বা মাঝারি জ্বর থাকে এবং এর সাথে নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন হাঁচি, গলা খুসখুস করা ও কাশির প্রাধান্য দেখা যায়; এতে শরীরে হালকা ব্যথা থাকলেও তা তীব্র হয় না। অন্যদিকে, ডেঙ্গু জ্বরে পূর্বলক্ষণ ছাড়াই হঠাৎ খুব তীব্র জ্বর আসে। এর সাথে চোখের পেছনে ব্যথা, তীব্র পেশি ও জয়েন্টে অসহ্য যন্ত্রণা (হাড়ভাঙা ব্যথা) এবং ত্বকে লালচে র্যাশ দেখা দিতে পারে। সাধারণত ডেঙ্গুতে নাক দিয়ে পানি পড়া বা হাঁচির উপসর্গ কম থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই সময়ে একই ব্যক্তির শরীরে সাধারণ ভাইরাল ইনফেকশন ও ডেঙ্গু—দুটোর লক্ষণই একসাথে দেখা দেওয়া সম্ভব। তাই লক্ষণ নিয়ে বিভ্রান্ত না হয়ে জ্বর টানা তিন দিনের বেশি থাকলে কিংবা তীব্র ব্যথা না কমলে নিজে নিজে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে ডেঙ্গু শনাক্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা (NS1 Antigen বা CBC) করানোই সবচেয়ে নিরাপদ।
এসআর