খাওয়ার সময় শিশুদের মোবাইল, টিভি বা ট্যাবলেটে মনোযোগ দেওয়ার অভ্যাস বর্তমানে
অনেক পরিবারেই দেখা যায়। স্ক্রিনের দিকে মনোযোগ থাকার ফলে শিশুরা খাবারের স্বাদ, গঠন এবং পেট ভরার অনুভূতি সঠিকভাবে টের পায় না, যার ফলে ক্ষুধা না থাকলেও তারা স্বয়ংক্রিয়ভাবে খেয়ে যেতে পারে।
তবে শুধু স্ক্রিন টাইমই বেশি খাওয়ার একমাত্র কারণ নয়; এর পেছনে খাবারের ধরন এবং স্ক্রিনে প্রদর্শিত কনটেন্টও বড় ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন অনুষ্ঠানে প্রচারিত মুখরোচক খাবারের বিজ্ঞাপন বা দৃশ্য শিশুর মনে খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। এছাড়া স্ক্রিনের সামনে বসে পুরো প্যাকেটের খাবার বা নাস্তা খেলে কোনো স্পষ্ট পরিমাপ থাকে না, ফলে অনিচ্ছা সত্ত্বেও অতিরিক্ত খাওয়া হয়ে যায়। এটি নিয়মিত ঘটতে থাকলে স্ক্রিন চালু হওয়া মাত্রই শিশুর মনে নাস্তা খাওয়ার অভ্যাস বা প্রত্যাশা তৈরি হয়।
এই অভ্যাস রোধে শিশুদের টিভি বা মোবাইলের সামনে বসিয়ে না খাইয়ে নির্দিষ্ট টেবিলে বসে পরিমিত পরিমাণে খাবার পরিবেশন করা উচিত। এছাড়া অতিরিক্ত প্রক্রিয়াজাত নাস্তার পরিবর্তে ফল, দই বা বাদামের মতো স্বাস্থ্যকর বিকল্প দেওয়া এবং পানীয় হিসেবে পানি বেছে নেওয়া প্রয়োজন।
এসআর