শরতের বৃষ্টি সত্ত্বেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দেশজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি কমছে না।
আবহাওয়াবিদদের মতে, ঘাম সহজে না শুকানো এবং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আগামী কয়েক দিন এই অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় পানিশূন্যতা, ডায়রিয়া ও হিট স্ট্রোকের মতো শারীরিক ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি, ডাবের পানি বা স্যালাইন পান করে শরীরের ইলেকট্রোলাইটের সামঞ্জস্য বজায় রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা।
গরমে সুস্থ থাকতে বাইরে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার, দুপুর ১২টা থেকে ৩টার রোদ এড়িয়ে চলা এবং হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত তেল-মশলাযুক্ত বা বাসি খাবার ও ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলা উচিত। ত্বক পরিষ্কার ও শুকনো রেখে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করা এবং শিশুদের দই, চিড়া ও তরমুজের মতো পুষ্টিকর খাবার দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর