ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু চিনি বর্জন বা ওষুধ গ্রহণই যথেষ্ট নয়; দৈনিক জীবনযাত্রার ভুল
অভ্যাসও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। পুষ্টিবিদ শ্বেতা শাহ জানান, সুষম খাবার খাওয়া সত্ত্বেও রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকার পেছনে পুষ্টির ঘাটতি ও মানসিক চাপের মতো দৈনন্দিন বিষয়গুলো সরাসরি প্রভাব ফেলে।
অতিরিক্ত মানসিক চাপের ফলে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়ে ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। এছাড়া চায়ের সঙ্গে চিনিছাড়া বিস্কুট খাওয়া, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর একবারে বেশি খাওয়া এবং খাবারে পর্যাপ্ত প্রোটিনের অভাব রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। প্রোটিন হজমের গতি ধীর করে গ্লুকোজ শোষণে সাহায্য করায় তা রক্তে শর্করার সামঞ্জস্য বজায় রাখে।
তাই রক্তে শর্করা স্বাভাবিক রাখতে কেবল চিনি এড়িয়ে চলাই শেষ কথা নয়। সঠিক সময়ে সুষম খাবার গ্রহণ, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সার্বিক জীবনযাত্রায় সচেতনতা আনা অত্যন্ত জরুরি।
এসআর