[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

খাওয়ার পর ১০ মিনিট হাঁটা কেন জরুরি: জেনে নিন স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ৮:৩৬ এএম

সংগৃহীত ছবি

পেটপুরে খাওয়ার পর সাধারণত অনেকেই সোফায় বসে বিশ্রাম নেন কিংবা শুয়ে পড়েন,

 আবার কেউ কেউ সরাসরি দৈনন্দিন কাজে লেগে যান। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আহারের পরবর্তী সময়টুকু শরীরের ওপর ব্যাপক প্রভাব ফেলে। খাওয়ার পর মাত্র ১০ থেকে ১২ মিনিটের একটি হালকা হাঁটা হজমপ্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

​স্বাস্থ্যকর জীবনের জন্য কেন এই অভ্যাসটি প্রতিদিনের তালিকায় রাখা উচিত, তার প্রধান ৫টি কারণ নিচে আলোচনা করা হলো:

  • রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণ: খাবারের পর শরীর কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। খাওয়ার পর সামান্য হাঁটলে রক্তে গ্লুকোজ শোষণের গতি ধীর হয়, যা শর্করার হঠাৎ বৃদ্ধি কমায় এবং ইনসুলিনের ওপর চাপ কমায়। 'সায়েন্টিফিক রিপোর্টস'-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ভারী খাবারের পর হালকা হাঁটা বিশেষ করে ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতে থাকা ব্যক্তিদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে কার্যকর।
  • হজমপ্রক্রিয়া দ্রুত ও উন্নত করা: হালকা শারীরিক সঞ্চালন মানুষের পরিপাকতন্ত্র এবং ভেগাস নার্ভকে সক্রিয় করে তোলে। ফলে খাবার সহজে পাকস্থলী থেকে পরিপাকতন্ত্রে প্রবেশ করে এবং হজমের গতি স্বাভাবিক থাকে।
  • পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর: খাওয়ার পর পেট ভারী লাগা বা অস্বস্তি কমাতেও হাঁটা বেশ কার্যকর। এটি অন্ত্রের স্বাভাবিক সঞ্চালন বাড়ায়, যা পেটে অতিরিক্ত গ্যাস জমতে দেয় না।
  • অ্যাসিড রিফ্লাক্স ও বুকজ্বালা রোধ: খাবারের পরপরই বসে থাকা বা শুয়ে পড়ার অভ্যাস থাকলে অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার ঝুঁকি বাড়ে। খাওয়ার পর হাঁটলে খাবার নিচের দিকে প্রবাহিত হয়, যা পাকস্থলীর অ্যাসিড ওপরের দিকে উঠে আসা প্রতিরোধ করে।
  • ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি: হাঁটার সময় শরীরের পেশিগুলো সরাসরি শক্তির উৎস হিসেবে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। ফলে শরীরকে ইনসুলিনের ওপর কম নির্ভর করতে হয় এবং দীর্ঘমেয়াদে ইনসুলিন ব্যবহারের দক্ষতা বা সংবেদনশীলতা বৃদ্ধি পায়।

কতক্ষণ এবং কীভাবে হাঁটবেন?

​দুপুরের বা রাতের মূল খাবারের পর ধীর থেকে মাঝারি গতিতে অন্তত ১০ থেকে ১২ মিনিট হাঁটাই যথেষ্ট। তবে শরীর সুস্থ রাখতে কেবল হাঁটাই শেষ কথা নয়, এর পাশাপাশি খাদ্যতালিকায় গোটা শস্য, ডাল, সবুজ শাকসবজি, বাদাম ও বিভিন্ন বীজজাতীয় সুষম খাবার রাখা অত্যন্ত জরুরি।

এসআর

সম্পর্কিত খবর