বিশ্বজুড়ে পুষ্টিজনিত সমস্যার মধ্যে অন্যতম হলো আয়রনের ঘাটতি, যা দূর করতে চিকিৎসকেরা
প্রায়ই সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেন। তবে এই সাপ্লিমেন্টের পুরো আয়রন শরীর শোষণ করতে পারে না; এর একটি অংশ শোষিত হয় যা নির্ভর করে সাপ্লিমেন্টের ধরন, শারীরিক অবস্থা এবং একই সময়ে কী খাওয়া হচ্ছে তার ওপর। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি আয়রনকে এমন এক রূপে রূপান্তর করে যা অন্ত্র সহজে শোষণ করতে পারে, বিশেষ করে উদ্ভিদজাত আয়রনের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।
তাই আয়রন ট্যাবলেটের সাথে এক গ্লাস লেবুর শরবত, কমলার রস অথবা আমলকী, পেয়ারা, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা ও কাঁচা মরিচের মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ভিটামিন সি তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন তা আয়রনের সাথে একই সময়ে অন্ত্রে পৌঁছায়।
আয়রন সাপ্লিমেন্ট সাধারণত খালি পেটে সবচেয়ে ভালো শোষিত হয়। তাই সকালে ঘুম থেকে উঠে পানি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে এটি খাওয়া ভালো, তবে পেটে অস্বস্তি বা বমিভাব হলে অল্প খাবারের সাথেও খাওয়া যেতে পারে। আয়রন খাওয়ার সময় চা, কফি, দুধ বা ক্যালসিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো আয়রনের শোষণ কমিয়ে দেয়। এছাড়া, আয়রন সাপ্লিমেন্টের কারণে হওয়া কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। যারা ক্যালসিয়াম সাপ্লিমেন্টও নেন, তাদের দুটি সাপ্লিমেন্ট একসাথে না খেয়ে অন্তত দুই ঘণ্টার ব্যবধান রাখা উচিত, যাতে দুটি উপাদানই শরীরে সঠিকভাবে শোষিত হতে পারে।
এসআর