সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে হওয়া কাশি অনেক সময় মানুষের
স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। বিশেষ করে রাতের বেলা কাশির তীব্রতা বাড়লে ঘুমেরও প্রচণ্ড সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এই ভোগান্তি থেকে সাময়িক মুক্তি দিতে পারে রান্নাঘরের অন্যতম সাধারণ উপাদান লবঙ্গ।
মূলত লবঙ্গের প্রদাহরোধী (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি), জীবাণুনাশক এবং গলার ভেতরের অস্বস্তি দূর করার প্রাকৃতিক ক্ষমতা কাশি উপশমে দারুণ ভূমিকা রাখে। এছাড়া লবঙ্গে থাকা বেশ কিছু প্রাকৃতিক যৌগ আমাদের শ্বাসতন্ত্রের নানা জটিলতা কমাতেও সাহায্য করে।
কাশির চিকিৎসায় লবঙ্গের বিশেষ গুণাবলি
প্রদাহ কমাতে সহায়ক: লবঙ্গের শক্তিশালী প্রদাহরোধী বৈশিষ্ট্য শ্বাসনালীর প্রদাহ দূর করতে দারুণ কার্যকরী। এর ফলে কাশির তীব্রতা কমে এবং গলার ভেতরে হওয়া জ্বালাপোড়া বা অস্বস্তি হ্রাস পায়।
জীবাণুর বিরুদ্ধে লড়াই করে: লবঙ্গে এমন কিছু সক্রিয় উপাদান রয়েছে, যা সরাসরি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে। ফলে শ্বাসতন্ত্রের যেকোনো সংক্রমণের কারণে হওয়া কাশির প্রকোপ কমাতে এটি সাহায্য করে।
সহজে কফ বের করে: লবঙ্গ প্রাকৃতিক কফ নিঃসারক (এক্সপেক্টোরেন্ট) হিসেবে কাজ করে। এটি বুকে বা গলায় জমে থাকা ঘন শ্লেষ্মা বা কফকে পাতলা করে সহজে বের করে দিতে সহায়তা করে, যা কফযুক্ত কাশির রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
কাশি প্রশমন ও ভালো ঘুম: এটি কাশির প্রাকৃতিক উপশমকারী হিসেবে পরিচিত। লবঙ্গ চিবিয়ে বা ব্যবহার করে খেলে ঘন ঘন কাশির প্রবণতা কমে, যা রাতে একটি প্রশান্তিদায়ক ঘুম নিশ্চিত করতে সাহায্য করে।
যেভাবে লবঙ্গ ব্যবহার করতে পারেন
লবঙ্গের চা: এক কাপ ফুটন্ত পানিতে ১ থেকে ২টি লবঙ্গ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর এটি ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। কার্যকারিতা ও স্বাদ বাড়াতে এর সাথে সামান্য মধু বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
লবঙ্গ তেলের বাষ্প: নাক বন্ধ থাকা বা কাশির তীব্রতা কমাতে গরম পানিতে কয়েক ফোঁটা লবঙ্গ তেল দিয়ে তার বাষ্প (ভাপ) নিতে পারেন। 'মাল্টিডিসিপ্লিনারি ডিজিটাল পাবলিশিং ইনস্টিটিউট' (এমডিপিআই)-এর তথ্যমতে, লবঙ্গ তেলের বাষ্প সর্দি, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগীদের ফুসফুস থেকে কফ বের করতে বেশ সাহায্য করে।
লবঙ্গ ও মধুর মিশ্রণ: দুই-তিনটি লবঙ্গ ভালোভাবে গুঁড়া বা থেঁতো করে মধুর সাথে মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী দিনে এক চা-চামচ করে এই মিশ্রণটি খেলে গলার খুসখুসে ভাব দূর হবে।
আদা ও লবঙ্গের পেস্ট: আদা ও লবঙ্গ একসাথে বেটে সামান্য পরিমাণে খেলে গলার ভেতরের জ্বালাপোড়া ও প্রদাহ দ্রুত কমে যায়।
বিশেষ সতর্কতা: ঘরোয়া উপায়ে সাময়িক স্বস্তি মিললেও কাশি যদি দীর্ঘদিন স্থায়ী হয় এবং এর সাথে তীব্র জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা কাশির সাথে রক্ত যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তবে কালক্ষেপণ না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
এসআর