[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

এক বেলার খাবারে কতটুকু প্রোটিন শোষণ করে শরীর? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৯:৫২ এএম

সংগৃহীত ছবি

আমাদের পরিপাকতন্ত্র একবারে মাত্র ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন হজম বা শোষণ করতে পারে—

এমন একটি প্রচলিত ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে ক্লিনিক্যাল নিউট্রিশন বিশেষজ্ঞদের মতে, মানুষের শরীর একবারে গ্রহণ করা প্রোটিনের প্রায় পুরোটাই শোষণ করে নিতে সক্ষম। আসল বিষয়টি প্রোটিন শোষণ নিয়ে নয়, বরং শোষিত প্রোটিনের ঠিক কতটা অংশ তাৎক্ষণিকভাবে পেশি গঠনে ব্যবহৃত হচ্ছে এবং কতটা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে লাগছে, সেটাই আসল বিষয়।

​গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের পেশি গঠন ও মেরামতের কাজ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এক বেলার খাবারে ২০ থেকে ৪০ গ্রাম উচ্চ-মানের প্রোটিনই যথেষ্ট। তবে মানুষের শরীরের আকার, বয়স, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে এই চাহিদা ভিন্ন হতে পারে। এক বেলায় এই পরিমাণের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করলেও তা মোটেও নষ্ট হয় না। শরীর সেই অতিরিক্ত প্রোটিন হজম ও শোষণ করে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে; যা পরবর্তীতে এনজাইম, হরমোন, রোগ প্রতিরোধক কোষ এবং শরীরের অন্যান্য টিস্যু তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি প্রয়োজনে এই অতিরিক্ত প্রোটিন শরীরের শক্তির উৎস হিসেবেও কাজ করে।

​'জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন'-এ প্রকাশিত ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, শরীর অন্যান্য টিস্যু গঠনের জন্য ধীর-কার্যকরী প্রোটিনগুলোকে দীর্ঘ সময় ধরে হজম করতে থাকে। তাই একবারে বেশি প্রোটিন খেলেও পুষ্টি উপাদান নষ্ট হওয়ার সুযোগ নেই। তবে পেশির বৃদ্ধি ও কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে গবেষকরা প্রতি বেলার খাবারে শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে প্রায় ০.৪ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেন। আর সর্বোত্তম ফলাফলের জন্য এই প্রোটিনের চাহিদা একবারে পূরণ না করে, সারা দিনে অন্তত চারটি খাবারের মাধ্যমে ভাগে ভাগে গ্রহণ করা উচিত।

এসআর

সম্পর্কিত খবর