[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

সাপ্লিমেন্ট নয়, চুল পড়া রোধ হবে রান্নাঘরের ৬ প্রাকৃতিক খাবারেই

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৯:১৫ এএম

সংগৃহীত ছবি

বাজারের কৃত্রিম হেয়ার সাপ্লিমেন্ট বা সম্পূরক ওষুধের চেয়ে দৈনন্দিন পুষ্টিকর খাবারই চুল পড়া

 রোধে বেশি কার্যকরী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতীয় পুষ্টিবিদ লোভনীত বাত্রা এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, অনবরত চুল পড়া বা চুল রুক্ষ হয়ে যাওয়া মূলত শরীরে পুষ্টির ঘাটতির লক্ষণ, যা ডায়েটে সামান্য পরিবর্তন এনেই সমাধান করা সম্ভব।

প্রোটিন, আয়রন, জিংক, ভিটামিন সি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি-১২ চুলের সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য। শরীরে নির্দিষ্ট কোনো ঘাটতি না থাকলে কৃত্রিম সাপ্লিমেন্ট এড়িয়ে চুলে পুষ্টি জোগাতে তিনি ৬টি প্রাকৃতিক খাবারের তালিকা দিয়েছেন।

​সূর্যমুখীর বীজ (বায়োটিনের বিকল্প): বায়োটিন সাপ্লিমেন্টের বদলে প্রতিদিন ১ টেবিল চামচ সূর্যমুখীর বীজ খাওয়া যেতে পারে। ভিটামিন ই, জিংক, সেলেনিয়াম ও লিনোলিক অ্যাসিড সমৃদ্ধ এই বীজ চুলের আর্দ্রতা বজায় রাখে ও বৃদ্ধি বাড়ায়।

​সজনে পাতার গুঁড়ো (আয়রনের বিকল্প): আয়রন ট্যাবলেটের চমৎকার প্রাকৃতিক বিকল্প হলো সজনে পাতার গুঁড়ো। এই সুপারফুডে থাকা ভিটামিন এ, সি, ই, জিংক, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়।

​পনির (প্রোটিন পাউডারের বিকল্প): কৃত্রিম প্রোটিন পাউডারের ওপর নির্ভর না করে প্রতিদিন ১০০ গ্রাম পনির খাওয়া চুলের জন্য উপকারী। এটি প্রোটিনের পাশাপাশি ভিটামিন ই ও সেলেনিয়ামের বড় উৎস, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে।

​আমলকী (ভিটামিন সি-এর বিকল্প): ভিটামিন সি সাপ্লিমেন্ট না নিয়ে নিয়মিত আমলকী খেলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন চুল ঘন করতে, খুশকি দূর করতে এবং অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে।

​তিসির বীজ (ওমেগা-৩-এর বিকল্প): ওমেগা-৩ ক্যাপসুলের বদলে প্রতিদিন ১ টেবিল চামচ তিসির বীজ চুলের ফলিকলকে পুষ্ট করে, স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং চুলের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখে।

​টক দই (ভিটামিন বি-১২-এর বিকল্প): ভিটামিন বি-১২-এর জন্য ডায়েটে টক দই রাখা উচিত। প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টক দই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, খুশকি তাড়ায় এবং মাথার ত্বকের চুলকানি দূর করে।

​পুষ্টিবিদ বাত্রা আরও উল্লেখ করেন, কোনো একটি নির্দিষ্ট খাবার একাই চুল পড়া পুরোপুরি বন্ধ করতে পারে না, বরং সামগ্রিক পুষ্টির প্রয়োজন। তবে চুল পড়ার সমস্যা যদি অতিরিক্ত বা তীব্র আকার ধারণ করে, তবে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে আয়রন, ভিটামিন ডি, বি-১২ বা হরমোনের কোনো জটিলতা আছে কিনা তা নিশ্চিত করা জরুরি।

এসআর

সম্পর্কিত খবর