সাধারণত মনে করা হয় টাটকা সবজিই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এবং ফ্রোজেন বা হিমায়িত সবজি প্রক্রিয়াজাত বা নিম্নমানের। তবে পুষ্টিবিজ্ঞানীদের
মতে, অনেক সময় ফ্রোজেন সবজি টাটকা সবজির সমমানের পুষ্টি দিতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি উপকারী হতে পারে।
মূলত গাছ থেকে তোলার পর পরিবহন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের দীর্ঘ প্রক্রিয়ার কারণে টাটকা সবজি রান্নাঘরে পৌঁছানো পর্যন্ত তার ভিটামিন সি এবং বি-এর মতো তাপ ও আলো-সংবেদনশীল পুষ্টি উপাদানগুলো কিছুটা হারিয়ে ফেলে। অন্যদিকে, ফ্রোজেন সবজিগুলো পুরোপুরি পাকা অবস্থায় সংগ্রহ করার পরপরই দ্রুত ‘ব্লাঞ্চ’ করে বরফ করা হয়, যা সবজির পুষ্টিগুণকে দীর্ঘ সময় অবিকৃত অবস্থায় ধরে রাখে।
তবে স্থানীয়ভাবে উৎপাদিত এবং মৌসুমী টাটকা সবজি যদি সংগ্রহের পরপরই খাওয়া যায়, তবে তা পুষ্টি ও স্বাদের দিক থেকে সেরা হয়। বিশেষ করে তাজা গাজর বা আমের মতো ফল ও সবজির প্রাকৃতিক গঠন এবং মচমচে ভাব ফ্রোজেন পণ্যে পাওয়া যায় না। অপরপক্ষে, ব্যস্ত জীবনে ফ্রোজেন সবজি অপচয় কমায়, দীর্ঘ সময় ভালো থাকে এবং দ্রুত রান্নার সুবিধা দেয়। তবে সবজি টাটকা হোক বা ফ্রোজেন, অতিরিক্ত সেদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়; তাই পুষ্টি উপাদান বজায় রাখতে সবজি ভাপে সেদ্ধ (স্টিম), রোস্ট বা হালকা ভাজি (স্টার-ফ্রাই) করে খাওয়া ভালো।
এসআর