সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে
এই উপসর্গে আরও ৫টি শিশুর প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৭৭১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন শিশু। আর হামের সদৃশ উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬৭৬ জন।
একই সময়ে সারা দেশে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৭ জন। এর পাশাপাশি হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন রোগী।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬০১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই হিসাবটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এসআর