দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে শত শত শিশুর শরীরে রোগটির সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৯০ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসআর