[email protected] শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ভোটাধিকারবিহীন নতুন শেয়ার ছাড়ছে মেটা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৯:৩৩ এএম

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় পরিসরে বিনিয়োগ বাড়াতে নতুন ধরনের শেয়ার চালুর

 পরিকল্পনা করেছে মেটা। মেটার সিদ্ধান্ত অনুযায়ী, এসব শেয়ারের মালিকেরা কোম্পানির নীতি নির্ধারণে ভোট দেওয়ার অধিকার পাবেন না। তবে ভোটাধিকারবিহীন নতুন শেয়ার ইস্যু করার ফলে বিদ্যমান শেয়ারধারীদের ভোটাধিকার অক্ষুণ্ন রেখে সহজেই বাড়তি মূলধন সংগ্রহ করতে পারবে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

​বুধবার (২১ অক্টোবর) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় এই নতুন শেয়ার চালুর পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে মেটা কর্তৃপক্ষ। এর আগে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, এআই খাতের ব্যয় মেটাতে মেটা ভোটাধিকারবিহীন শেয়ার বাজারে ছাড়তে পারে।

​মেটার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সুসান লি জানিয়েছেন, কোম্পানিটি নতুন এক শ্রেণির ভোটাধিকারবিহীন মূলধনি শেয়ার তৈরি করবে, যা বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। সুসান লি আরও জানান, পরবর্তীতে এসব শেয়ার সাধারণ শেয়ারবাজারে লেনদেনযোগ্য হবে। এর মাধ্যমে সংগৃহীত অর্থ এআই খাতের পাশাপাশি কর্মীদের পারিশ্রমিক প্রদান, নতুন কোম্পানি অধিগ্রহণ ও দৈনন্দিন করপোরেট কাজে ব্যয় করা সম্ভব হবে, যা প্রতিষ্ঠাতানির্ভর বর্তমান পরিচালনা কাঠামোকে পুরোপুরি সুরক্ষিত রাখবে।

​বর্তমানে নতুন এআই মডেল, নিজস্ব এআই সহকারী এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে বিপুল অর্থ ব্যয় করছে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটার আয় দাঁড়িয়েছে ৬,৪০০ কোটি (৬৪ বিলিয়ন) ডলারে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি। তবে একই সময়ে কোম্পানির সামগ্রিক ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৮ শতাংশ। অন্যদিকে মেটার ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অডিও চশমা তৈরির বিভাগ ‘রিয়েলিটি ল্যাবস’ এখনও লোকসানে থাকলেও, ২০২৬ সালে এই লোকসান কমে ১৮ থেকে ১৯ বিলিয়ন ডলারের মধ্যে নেমে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

​সম্প্রতি মেটা তাদের বেশ কয়েকটি এআই মডেল বাজারজাত করেছে, যার মধ্যে মিউজ স্পার্ক, মিউজ গ্লিমার, মিউজ ওয়ান্ডার, মিউজ স্পার্ক ওপেন এবং কোডিং এজেন্ট ‘মিউজ কোড’ অন্যতম। কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মুক্তের মাত্র দেড় মাসের মধ্যে ১ কোটিরও বেশি মানুষ মেটার এআই এজেন্ট ব্যবহার শুরু করেছেন এবং অ্যাপলের অ্যাপ স্টোরে এটি শীর্ষস্থানে অবস্থান করছে।

​তবে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে মেটার বিরুদ্ধে বেশ কিছু আইনি ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সব মিলিয়ে, ভোটাধিকারবিহীন নতুন এই শেয়ার চালুর উদ্যোগটি মেটাকে এআই প্রযুক্তির লড়াইয়ে মূলধন সরবরাহের একটি শক্ত ভিত্তি তৈরি করে দেবে।

এসআর

সম্পর্কিত খবর