বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-
এর বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তু সম্পর্কিত নীতিমালার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে প্রখ্যাত প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ থেকে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিনোদন মাধ্যম 'দ্য হলিউড রিপোর্টার'-এর তথ্য অনুযায়ী, তথ্যচিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান 'ব্লিকার স্ট্রিট'-কে অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে টিকটক। অস্কারবিজয়ী প্রখ্যাত নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত এই বহুল আলোচিত তথ্যচিত্রে ইলন মাস্কের জীবন ও তার বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক কর্মকাণ্ড চিত্রিত হয়েছে।
এর আগে এই তথ্যচিত্রের ট্রেলার সংক্রান্ত বিজ্ঞাপন মেটা এবং ইউটিউবেও বাধার মুখে পড়েছিল। প্রাথমিক প্রত্যাখ্যানের পর অবশ্য দুটি প্ল্যাটফর্মেই পরে এটি প্রচারের অনুমোদন দেওয়া হয়। সে সময় কারিগরি ত্রুটির কারণে এমনটি ঘটেছিল বলে মেটার পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। লক্ষণীয় বিষয় হলো, ইলন মাস্কের নিজস্ব প্ল্যাটফর্ম 'এক্স'-এও (সাবেক টুইটার) তথ্যচিত্রটির কোনো বিজ্ঞাপন প্রচার করতে দেওয়া হয়নি। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্র শাখার আংশিক মালিকানা রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের কাছে—যিনি ও ইলন মাস্ক দুজনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের চারটি প্রেক্ষাগৃহে পরীক্ষামূলকভাবে তথ্যচিত্রটির প্রদর্শনী শুরু হলেও এখন তা আরও বিস্তৃত পরিসরে মুক্তি পেয়েছে। আগামী বছর এইচবিও প্ল্যাটফর্মে স্ট্রিমিংয়ের জন্য এটি উন্মুক্ত করার কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট-স্কাইড্যান্স গ্রুপের অন্তর্ভুক্ত, যার নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।
সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কনটেন্ট ও বিজ্ঞাপনের ওপর কড়াকড়ি আরোপ এবং সেন্সরশিপ নিয়ে টেক-দুনিয়ায় দীর্ঘদিনের বিতর্ক চলছে। এরই মধ্যে শীর্ষস্থানীয় সামাজিক প্ল্যাটফর্মগুলোর এই সিদ্ধান্তের ফলে তথ্যচিত্রটি নিয়ে নতুন করে বেশ আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
এসআর