[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

এআই প্রযুক্তি দিয়ে অভিনব প্রতারণা: যুক্তরাজ্যে রেড অ্যালার্ট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ১১:৪৯ এএম

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে অপরাধীরা প্রতারণার অভিনব সব

 কৌশল প্রয়োগ করছে। ভুয়া অনলাইন দোকান, চেনা মানুষের কণ্ঠস্বর নকল এবং হুবহু বাস্তবের মতো ডিপফেক ভিডিও বানিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। এ ধরনের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সচেতন করতে নতুন নির্দেশনা ও সতর্কতামূলক তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডস।

​বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, এআই-এর মাধ্যমে অত্যন্ত নিখুঁত ও পেশাদার চেহারার ভুয়া ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। সেখানে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পারিবারিক ব্যবসার ভুয়া পরিচয় ও দেশীয় পণ্যের লোভনীয় দাবি তুলে ধরা হয়। এসব ক্ষেত্রে পণ্যের অর্ডার দিয়ে গ্রাহকরা হয় কোনো পণ্য পান না, না হয় অত্যন্ত নিম্নমানের পণ্য হাতে পান।

​প্রতারণায় এআই-এর উল্লেখযোগ্য ব্যবহারের মধ্যে রয়েছে:

​ভুয়া ওয়েবসাইট ও ভিজ্যুয়াল: বাস্তবসম্মত ছবি, ব্রিটিশ পতাকাসংবলিত ব্যানার ব্যবহার করে গ্রাহকদের আস্থা অর্জন।

​কণ্ঠস্বর ও ডিপফেক ভিডিও: পরিচিত স্বজন বা বন্ধুর কণ্ঠস্বর নকল করে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা দাবি করা অথবা ডিপফেক ভিডিও নির্মাণ।

​রোমান্স স্ক্যাম বা অনলাইন প্রেম: এআই বট ব্যবহার করে দীর্ঘ সময় ধরে ভুক্তভোগীর পছন্দ-অপছন্দ মনে রেখে কথোপকথন চালিয়ে যাওয়া এবং ধীরে ধীরে অর্থ হাতিয়ে নেওয়া।

​নিখুঁত বার্তার তৈরি: বানান বা ব্যাকরণগত ভুল ছাড়াই বিপুল সংখ্যক মানুষের জন্য কাস্টমাইজড ই-মেইল ও মেসেজ তৈরি করা, যা চেনা কঠিন।

​প্রতারণা থেকে সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শ:

​১. তথ্য ও অর্থ প্রদানে সতর্কতা: সরাসরি দেখা হয়নি—এমন কাউকে টাকা, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য দেবেন না।

২. ওয়েবসাইট ও তথ্যের সত্যতা যাচাই: অনলাইন শপের ঠিকানা বাস্তব কি না এবং চাকরির বিজ্ঞাপনের ক্ষেত্রে সরাসরি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করুন।

৩. কণ্ঠ বা ভিডিওতে অন্ধবিশ্বাস নয়: শুধুমাত্র পরিচিত কণ্ঠ শুনেই জরুরি আর্থিক সহযোগিতা করবেন না।

৪. তাড়াহুড়ো এড়ান: প্রতারকেরা সবসময় দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেয়। তাই যেকোনো লেনদেন বা সিদ্ধান্ত নেওয়ার আগে থামুন, যাচাই করুন এবং নিশ্চিত হয়ে পদক্ষেপ নিন।

এসআর

সম্পর্কিত খবর