ভুয়া অ্যাকাউন্ট, এআই-নির্ভর প্রতারণা এবং পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা।
ফেসবুকের প্রধান টম অ্যালিসনের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ভেরিফিকেশন ব্যবস্থায় ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও জমা দিতে হবে।
এরপর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি অ্যাকাউন্টের বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা।
মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি নীতিমালা অনুসরণ করে পরিচালিত হতে হবে।
যাচাই সফল হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিংসহ বিভিন্ন সেবায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো সেলিব্রিটি, জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অফিসিয়াল পরিচয়ের প্রতীক নয়।
এর উদ্দেশ্য কেবল অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করা। ফলে এটি অর্থের বিনিময়ে পাওয়া Meta Verified সাবস্ক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচিত হবে না।
মেটার মতে, জেনারেটিভ এআই প্রযুক্তির কারণে বর্তমানে ভুয়া ছবি ও তথ্য ব্যবহার করে নকল অ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ হয়ে গেছে।
এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালিত হয়। নতুন ভেরিফিকেশন পদ্ধতি এ ধরনের অপব্যবহার কমাতে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে টিকটকের মতো ফুল-স্ক্রিন ইমারসিভ ভিডিও ফিডও পরীক্ষামূলকভাবে চালু করছে মেটা।
শুরুতে সীমিতসংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাবেন এবং চাইলে আগের ফিডভিত্তিক ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন এই বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পেজ বা প্রমোটেড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আগামী সোমবার থেকে নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হবে। পরে এটি অন্যান্য দেশেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এসআর