সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে মানুষকে হেয় করার প্রবণতা ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনা বাড়ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনার কোনো ধরনের প্রশ্রয় দেবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকার পরিচালনার বিষয়ে তিনি জানান, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে পারেন, যা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, দেশের বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর চাহিদা পূরণের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার অতিরিক্ত তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ী মহলের ওপর চাপ কমে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড বিতরণ করা হবে।
এ ছাড়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বিলম্ব হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।
এসআর