[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

১১ বছর পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো, ৪৬ বছরেই নতুন রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো।

৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসির হয়ে মাঠে নামতে যাচ্ছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে সিরি সি লিগের ম্যাচে দেখা যেতে পারে তাকে।

 

গত অক্টোবরেই রোনালদিনহোর প্রত্যাবর্তনের বিষয়টি জানিয়েছিল রাভেন্না। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তার মাঠে ফেরা নিয়ে আলোচনা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

রাভেন্নার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক কেবল খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবটির অংশীদারও তিনি। বন্ধুর মালিকানাধীন এই দলে শেয়ার কিনে যুক্ত হয়েছেন ব্রাজিলের সাবেক এই তারকা। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। যদিও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

 

প্রত্যাবর্তনের ম্যাচটি রোনালদিনহোর জন্য হতে পারে ব্যক্তিগত মাইলফলক অর্জনের উপলক্ষ। পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা ২৯৯। ফরলির বিপক্ষে একটি গোল করতে পারলেই ৩০০ গোলের অনন্য ক্লাবে প্রবেশ করবেন তিনি।

 

রাভেন্নার নিজস্ব মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশেষ এই আয়োজনকে ঘিরে সমর্থকদের জন্য বাড়তি চমক রাখার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।

 

ফুটবলে ফেরার বিষয়ে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন রোনালদিনহো। তার কাছে ফুটবল সব সময়ই আনন্দের জায়গা। আবারও মাঠে নেমে সেই আনন্দ দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

 

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেয়েছেন রোনালদিনহো। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অর অর্জন করেন। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন। এ ছাড়া পিএসজি ও এসি মিলানের মতো বড় ক্লাবেও খেলেছেন তিনি।

 

এবার দীর্ঘ বিরতি পেরিয়ে ফুটবলে ফেরার অপেক্ষায় এই কিংবদন্তি। ৪৬ বছর বয়সে মাঠে নেমে নিজের অভিজ্ঞতা ও নৈপুণ্যে নতুন কোনো ইতিহাস গড়তে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

এফ/ডি

সম্পর্কিত খবর