এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে দুটি চার ও চারটি ছক্কা।
তাঁকে ভালো সঙ্গ দেন এসকে জারিফ সিয়াম। ৮৩ বলে ৫৯ রান করেন তিনি। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহির অবদান ৩০ রান।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর সেনুজা ওয়েকুনাগদার ব্যাটে লড়াই চালিয়ে যায় দলটি। ৯৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে তাঁর বিদায়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি লঙ্কানরা।
শ্রীলঙ্কার অন্য কোনো ব্যাটার ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে এই জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করল বাংলাদেশ।
এফ/ডি