আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিই হবে পর্তুগালের সাত নম্বর জার্সিতে তার শেষ অধ্যায়। তবে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌদি ক্লাব আল নাসরের এই তারকা।
বিদায়ের সিদ্ধান্ত নিয়ে রোনালদো বলেন, বিষয়টি সহজ ছিল না। জীবনের কিছু সিদ্ধান্ত কেবল যুক্তি দিয়ে নয়, হৃদয়ের অনুভূতি থেকেও নিতে হয়।
পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নিজের পারফরম্যান্সের মাধ্যমে যদি কখনো দেশের মানুষকে আনন্দ দিতে পেরে থাকেন কিংবা তাদের মধ্যে গর্বের অনুভূতি তৈরি করে থাকেন, সেটিই তার কাছে বড় প্রাপ্তি।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের পথচলায় সহযোগিতা করা পরিবার, সতীর্থ, কোচ, সমর্থক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বিদায়বার্তার সঙ্গে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে রোনালদো লিখেছেন, পর্তুগাল সব সময় তার হৃদয়ের অংশ হয়ে থাকবে।
পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ১৪৬টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বাধিক গোলের বিশ্বরেকর্ডও তার দখলে। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মধ্য দিয়ে পর্তুগিজ ফুটবলে একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এফ/ডি