[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

পাঁচ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৯:০৭ এএম

সংগৃহীত ছবি

নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

 সিঙ্গাপুরে ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে হতে যাওয়া এই ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচ নতুন ফুটবলার।

​২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোপা আমেরিকা ও ফিফার পরবর্তী মেগা ইভেন্টকে সামনে রেখে দল পুনর্গঠনে কাজ করছেন আনচেলত্তি। তারই অংশ হিসেবে দলে আনা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন—ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, ম্যানচেস্টার সিটির অ্যালান এবং শাখতার দোনেৎস্কের মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

​নতুন মুখদের নিয়ে কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান, প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব গুণাবলি রয়েছে। জোনাথন জেসুসকে শক্তিশালী, দ্রুতগতির, আক্রমণাত্মক ও বুদ্ধিমান ডিফেন্ডার হিসেবে উল্লেখ করার পাশাপাশি মারলন গোমেজের গতিশীলতার প্রশংসাও করেন তিনি।

​এদিকে ব্রাজিলিয়ান লিগের শিরোপা লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের খেলোয়াড়দের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ (CBF)। তবে অন্য ক্লাবগুলোর ওপর এমন কোনো বিধি-নিষেধ ছিল না। ঘরোয়া লিগ থেকে কোচ আনচেলত্তি প্রতিটি ক্লাব থেকে সর্বোচ্চ একজন করে মোট ৬ জন খেলোয়াড় বেছে নিয়েছেন।

​জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড:

  • ​গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও পেদ্রো মরিস্কো।
  • ​ডিফেন্ডার: আর্থার দিয়াস, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, জাইর কুনহা, জোনাথন জেসুস, ভেন্ডারসন, ভিটর রেইস ও ওয়েসলি।
  • ​মিডফিল্ডার: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, দানিলো, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, জোয়াও গোমেজ ও মারলন গোমেজ।
  • ​ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্ড্রিক, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

​আগামী ১০ ও ১১ নভেম্বরের মধ্যে পুরো দলকে অনুশীলনে পাওয়ার আশা করছেন কোচ। জাপানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ সামনে রেখেই শুরু হবে ব্রাজিলের মাঠের প্রস্তুতি।

এসআর

সম্পর্কিত খবর