[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, সেমিফাইনালে জায়গা নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি

মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

এর মধ্য দিয়ে গ্রুপসেরা হিসেবেই সেমিফাইনালে উঠেছে দলটি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের জয়ের নায়ক সোহাইল আহমেদ বাট।

 

ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতরে ভারতীয় মিডফিল্ডার আব্দুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেই ইউসুফ। ফলে পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে মালদ্বীপের গোলরক্ষক হোসেন শরীফকে পরাস্ত করে বল জালে পাঠান সোহাইল।

 

চলতি আসরে এটি সোহাইলের তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। অন্যদিকে পাকিস্তানের নাজিব উল্লাহর গোলসংখ্যাও তিন। ভারতের বিপক্ষে একটি এবং মালদ্বীপের বিপক্ষে দুটি গোল করেছেন তিনি।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় মালদ্বীপ। তবে তাদের একাধিক প্রচেষ্টা রুখে দেন ভারতের গোলরক্ষক পিয়াশ দুবে। ২০ বছর বয়সী এই গোলরক্ষক গুরুত্বপূর্ণ তিনটি সেভ করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন।

 

পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল ভারত। অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান।

শেষ ম্যাচে জয়ের ফলে দুই খেলায় পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

এফ/ডি

সম্পর্কিত খবর