দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্টেডিয়ামে বসে খেলা দেখার পাশাপাশি টেলিভিশন ও অনলাইনে সরাসরি ম্যাচ উপভোগের সুযোগও থাকছে দর্শকদের জন্য।
যেসব মাধ্যমে দেখা যাবে সাফের খেলা
যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তারা ঘরে বসেই সরাসরি খেলা দেখতে পারবেন। টেলিভিশনে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস।
এ ছাড়া অনলাইন দর্শকদের জন্য রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। বাংলালিংকের ওটিটি সেবা টফির অ্যাপ ও ওয়েবসাইট এবং স্পোর্টজিফাই অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখার সুযোগ মিলবে।
এক টিকিটে উপভোগ করা যাবে দুটি ম্যাচ
গ্যালারিতে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিটসংক্রান্ত একটি সুবিধা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটির সঙ্গে সাফ কর্তৃপক্ষের বৈঠকে টিকিটের দাম, ধরন ও বিক্রির সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিদিনের দুটি ম্যাচই একটি টিকিটের মাধ্যমে দেখা যাবে। ফলে একই দিনে অনুষ্ঠিত দুই ম্যাচ উপভোগ করতে দর্শকদের দ্বিতীয়বার টিকিট কেনার প্রয়োজন হবে না।
প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশপথ খুলে দেওয়া হবে।
বাংলাদেশের ম্যাচ ঘিরে দর্শক আগ্রহে ঘাটতি
টুর্নামেন্টের আয়োজক দেশ বাংলাদেশ হলেও এবারের সাফকে ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া এখনো দেখা যাচ্ছে না। প্রতিযোগিতা শুরুর আগের দিনও স্টেডিয়ামের অনেক আসন ফাঁকা রয়েছে। বাফুফের প্রচার কার্যক্রমও তুলনামূলকভাবে কম চোখে পড়ছে।
দর্শকদের আগ্রহ কম থাকার পেছনে কয়েকটি বিষয়কে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। টিকিটের দাম, পরিচিত তারকা ফুটবলারদের অনুপস্থিতি এবং জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এর মধ্যে অন্যতম।
তবে মাঠের খেলা শুরু হলে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়, স্বাগতিক বাংলাদেশের ম্যাচসহ পুরো টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি কতটা বাড়ে।
এফ/ডি