বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো, কোচিং কার্যক্রমের মান উন্নয়ন এবং নতুন ক্রিকেট প্রতিভা তৈরিতে পরামর্শ দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ক্রিকেট উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিবির সভাপতি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।
বুলবুলের বিসিবি সভাপতি থাকাকালীন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে তার সুসম্পর্কের বিষয়টিও আলোচনায় ছিল।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেন তিনি। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন এই ডানহাতি ব্যাটার।
এফ/ডি