বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের পঞ্চম দিনে এই কীর্তি গড়েন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জোমেল ওয়ারিকানের বল মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজার রানের ঘরে পৌঁছান বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
ম্যাচটিতে মাঠে নামার আগে সাত হাজার রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৪৩ রান। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে বাকি ৯ রান সংগ্রহ করেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি।
২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১০৭টি টেস্ট খেলে ১৯৭তম ইনিংসে এসে এই অর্জন গড়লেন তিনি। তার টেস্ট পরিসংখ্যানে রয়েছে ১৪টি শতক ও ৩০টি অর্ধশতক।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।
মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ২১৯ রান। তিনটি দ্বিশতকও রয়েছে তার নামের পাশে।
সিলেট টেস্টেই এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তাওহীদ হৃদয়। সেই রেকর্ডের কারণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের জায়গাটি হারালেও সাত হাজার রানের অনন্য অর্জনে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মুশফিক।
বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম হাজার রানের ক্লাবে প্রবেশ করা ৫৯তম ব্যাটার হলেন তিনি। এদিন ৬ হাজার ৯৯৬ রান করা ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যান বাংলাদেশের এই তারকা। বর্তমানে তার সামনে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যার টেস্ট রান ৭ হাজার ৩৭।
এফ/ডি