[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

সিরিজ জিতে বাড়তি আর্থিক পুরস্কারের লক্ষ্য উইন্ডিজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এই পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমন বাস্তবতায় মাঠের পারফরম্যান্সের মাধ্যমে আর্থিক পুরস্কার অর্জন এবং দলের অবস্থান শক্তিশালী করতে চায় ক্যারিবীয়রা।

 

সম্প্রতি ভারত সফরে ভালো পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান উন্নত করার পাশাপাশি বাড়তি আর্থিক প্রণোদনা পাওয়ার আশায় রয়েছেন কোচ ড্যারেন স্যামি ও তাঁর শিষ্যরা।

 

সোমবার বাংলাদেশ সিরিজ শুরুর আগে স্যামি জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারলে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত আর্থিক পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। আইসিসি এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

গত দুই চক্রেই অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এবার আরও ভালো করার সুযোগ রয়েছে বলে মনে করেন ক্যারিবীয় কোচ। তাঁর মতে, মাঠে ধারাবাহিক সাফল্য অর্জন করতে পারলে বোর্ডের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করার অবস্থান শক্ত হবে। পাশাপাশি স্পনসরদেরও আকৃষ্ট করা সম্ভব হবে।

 

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের পারফরম্যান্সের প্রশংসা করে স্যামি আশা প্রকাশ করেন, টেস্ট দলও বাংলাদেশ সফরে একই ধরনের সাফল্য দেখাতে পারবে।

 

ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্তের পরও ভারত সফরে তাঁদের লড়াকু মানসিকতা ও ভালো খেলা দলটির প্রতি খেলোয়াড়দের দায়বদ্ধতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। স্যামির মতে, বোর্ডের আর্থিক অবস্থা সম্পর্কে খেলোয়াড়দের বাস্তব ধারণা থাকা প্রয়োজন।

 

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও চলতি বছরে নিজেদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। তিনি বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শুরুর সময় দল যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা অর্জনের পথে রয়েছে তারা।

 

স্যামির বিশ্বাস, বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুটি টেস্ট ম্যাচ দলকে সেই লক্ষ্য পূরণের বড় সুযোগ করে দেবে। ২০২৫ সালে যে প্রত্যাশা নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ভালো ফলের মধ্য দিয়ে সেই অভিযান শেষ করতে চান তাঁরা।

এসআর

সম্পর্কিত খবর