আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ লড়াই করে ম্যাচ টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালারজাই। ৯০ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। ফারিদুল্লাহ ইহসাসের ৫১ এবং তাহির সারওয়ারির ৪৩ রানও দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবাই ইসলাম রিজন ছিলেন সবচেয়ে সফল। ৯ ওভারে ৭২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এসকে জারিফ সিয়াম ১০ ওভারে ৩৪ রান খরচায় দুটি উইকেট পান। আল আমিন হোসেন ও শাকিল খান একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি যোগ করেন ৭০ রান। পরে আবদুল্লাহর ৫০ এবং আলামিন হোসেন রনির ৭১ রানের ইনিংসে এগিয়ে যায় দল। রনি ৫৬ বলে আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান।
এরপর আহসান আল মুমিনের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ রান। তিনি ৬৬ বলে ৫৬ রান করেন। রাকিবুল হোসেনের অবদান ছিল ২৫ রান। একপর্যায়ে জয়ের সম্ভাবনা জোরালো হলেও শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষ মুহূর্তে রুবাই ইসলাম রিজনের ঝোড়ো ব্যাটিং ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করে। মাত্র ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে শেখ আতিউর রহমান ৬ বলে ৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রান করে বাংলাদেশ। দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচটি টাই হয়।
আফগানিস্তানের হয়ে নূর আলী নিয়াজাই তিনটি উইকেট নেন। সোহেল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে এবং আমির হামজা একটি উইকেট শিকার করেন।
দুই দলের ব্যাটারদের দাপট, পাল্টাপাল্টি আক্রমণ এবং শেষ ওভারের উত্তেজনায় ম্যাচটি দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকল।
এসআর