ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক
লিওনেল মেসিকে বেছে নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ও বার্সেলোনার সাবেক তারকা পেদ্রো রদ্রিগেজ। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও অভিজ্ঞতার নানা বিষয় তুলে ধরেন ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
সাক্ষাৎকারে পেদ্রো জানান, তার পুরো ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোচ ছিলেন পেপ গার্দিওলা। ২০০৮ সালে গার্দিওলার অধীনেই বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে পেদ্রোর এবং দ্রুতই নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি ২০টি বড় শিরোপা জয় করার গৌরব অর্জন করেন।
খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পেদ্রো জানান:
সেরা সতীর্থ: যাদের সঙ্গে ফুটবল খেলেছেন, তাদের মধ্যে সার্জিও বুসকেটস ছিলেন অন্যতম সেরা।
কঠিনতম প্রতিপক্ষ: মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ডিফেন্ডার হিসেবে তিনি রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক অধিনায়ক সার্জিও রামোসের নাম উল্লেখ করেন।
সেরা গোল: ২০১১ সালে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা গোলটিকে নিজের ক্যারিয়ারের সেরা গোল হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
নিজের দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারকে 'কিংবদন্তিতুল্য' উল্লেখ করে পেদ্রো জানান, ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করাটাই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ও বিশেষ অর্জন।
উল্লেখযোগ্য যে, ক্লাব পর্যায়ে পেদ্রো মোট ৭৯৪টি ম্যাচে মাঠে নেমে ১৯৭টি গোল করেছেন। এছাড়া স্পেনের জাতীয় দলের হয়ে ৬৫টি ম্যাচ খেলে ১৭টি গোল ঝুলিতে পুরেছেন এই তারকা।
এসআর