অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে কোনো জয়ই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ব্রিসবেনে বুধবার টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দলের প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। অন্যদিকে স্বর্ণা ৭১ বল মোকাবিলা করে করেন ৫৪ রান, যা ওয়ানডে ক্রিকেটে তাঁর প্রথম অর্ধশতক।
তবে এই দুই ব্যাটারের প্রচেষ্টার পরও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানেই থামে দলের ইনিংস। অস্ট্রেলিয়ার মেগান স্কট ১৬ রান খরচায় চারটি উইকেট নেন। অ্যানাবেল সাদারল্যান্ড পান দুটি উইকেট।
জবাবে ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এলিস পেরি ৬৫ এবং অ্যানাবেল সাদারল্যান্ড ৭৪ রানে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটিংয়ে মাত্র ১৬৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
সিরিজের তিনটি ম্যাচেই পরাজয়ের ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক সফর শেষ করল বাংলাদেশের নারী দল।
এসআর