[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

বিতর্কিত ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৯:২১ পিএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি প্রচারমূলক ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে নিজের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে তাঁর আগে থেকে কোনো ধারণা ছিল না। এ প্রকল্পের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পর্কও নেই।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তিনি জানান, তাঁর অনুরোধের পর প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিওটি সরিয়ে নিয়েছে। অনিচ্ছাকৃতভাবে তাঁর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা বিভ্রান্ত হলে সে জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।

 

বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি অভিযোগ তোলেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার জন্য বিনিয়োগসংক্রান্ত একটি উদ্যোগের প্রচার করছেন। এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।

 

নিজের বক্তব্যে মাহমুদউল্লাহ জানান, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। পরে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তাদের কার্যালয়ে গেলে একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানানো হয়। তবে প্রকল্পটির বিস্তারিত সম্পর্কে তাঁর পূর্বজ্ঞান ছিল না বলে উল্লেখ করেন তিনি।

 

মাহমুদউল্লাহ আরও বলেন, পুরো ক্রিকেট ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন। সাম্প্রতিক ঘটনায় অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

 

ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে সবার ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক।

এসআর

সম্পর্কিত খবর