[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

পর্তুগালের প্রতীক হলেও একাদশে নিশ্চিত নন রোনালদো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪ এএম

সংগৃহীত ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় পরিচিতি ও প্রতীক হলেও তিনি

 প্রতিটি ম্যাচে শুরুর একাদশে থাকবেন—এমন কোনো নিশ্চয়তা নেই। ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ জর্জে জেসুস পরিষ্কারভাবে এ মন্তব্য করেন।

​২৪ সেপ্টেম্বর লিসবনের আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের মুখোমুখি হচ্ছে পর্তুগাল, যা নতুন কোচ হিসেবে জেসুসের প্রথম ম্যাচ। নতুন এই অধ্যায়ের সূচনা স্কোয়াডেও স্থান পেয়েছেন ৪১ বছর বয়সী তারকা রোনালদো।

​সংবাদ সম্মেলনে রোনালদোর ভূমিকা ও ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জেসুস বলেন, সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সবসময় রোনালদোর খেলার প্রস্তুতি থাকে। রোনালদো পর্তুগালের প্রতীক হলেও সেটি তাকে প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেয় না।

​তবে মাঠে রোনালদোর বিশাল প্রভাব ও দর্শকদের টানার ক্ষমতার কথাও স্বীকার করেছেন পর্তুগিজ কোচ। তিনি হংকংয়ের একটি ম্যাচের দৃষ্টান্ত দিয়ে বলেন, রোনালদো না থাকলে গ্যালারিতে দর্শক হয় ৫ হাজার, আর তিনি মাঠে নামলে সেই সংখ্যা একলাফে ৫৫ হাজারে গিয়ে পৌঁছে।

​ওয়েলসের বিপক্ষে ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখার ইঙ্গিত দিয়ে জেসুস জানান, অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে রোনালদো মূল একাদশেই থাকবেন। তিনি প্রত্যাশা করেন রোনালদো এক-দুটি গোল করবেন, এরপরই তাকে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

​পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জেসুস জানান, বিশ্বের শীর্ষস্থানীয় সব খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। একজন কোচ হিসেবে তিনি সর্বদা জয়ের লক্ষ্য নিয়ে নামেন। নেশনস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।

​উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর তৎকালীন কোচ রবার্তো মার্তিনেজের স্থানে জর্জে জেসুসকে জাতীয় দলের দায়িত্বে নিয়ে আসে পর্তুগাল ফুটবল ফেডারেশন। নতুন এই অধ্যায়ে নেশনস লিগের শিরোপা ধরে রাখার মিশন দিয়েই অভিযান শুরু করছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর