দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। পরের ১৪ বলেই পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। ৩০ বলের সেঞ্চুরির ইনিংসে তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ১০টি ছক্কা।
এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার তৃতীয় সেঞ্চুরি। একই সঙ্গে টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটারের সবচেয়ে কম বলে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। স্বীকৃত আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতক।
এর আগে এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে এবং মুহাম্মদ ফারহাদ ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের রেকর্ড ছিল জিম্বাবুয়ের সিকান্দার রাজার। গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই সংখ্যক বলে শতক পেয়েছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও।
অভিষেকের ৩০ বলে সেঞ্চুরিতে পূর্ণ সদস্য দেশগুলোর দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি এখন নতুন মালিক পেল।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯০ রান। ইনিংসের বাকি বলগুলোতে ভারত কত রান যোগ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
এসআর