আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির চুক্তি আগামী ডিসেম্বরে শেষ
হতে যাওয়ার অনিশ্চয়তার মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর আগামী ৩০ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষে সহকারী পদ থেকে সরে দাঁড়াবেন এই ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড। মূলত কর্নার ও ফ্রি-কিকের মতো সেটপিস কৌশল নিয়ে দুর্দান্ত কাজ করা ৪৮ বছর বয়সী স্যামুয়েল এবার ইউরোপের কোনো ক্লাবে মূল কোচ বা ম্যানেজার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা করছেন।
তার এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে জানানো হয়েছে। স্কালোনির অধীনে স্যামুয়েল ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা ট্রফি জয়ের পাশাপাশি সর্বশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। তবে স্কালোনির অন্য দুই সহযোগী পাবলো আইমার ও রবার্তো আয়ালা আপাতত জাতীয় দলের সঙ্গেই রয়েছেন।
এসআর