আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত না হওয়ায় দুই দলের এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির অংশ নয়। তবে ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। আফগানিস্তানের হোম ম্যাচ হিসেবে এটি অনুষ্ঠিত হবে।
চোট থেকে পুরোপুরি ফেরার সময় বিবেচনায় এই টেস্টে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে। ১০ অক্টোবর মাঠে ফেরার কথা রয়েছে তার। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচগুলোতে তাকে পুরোপুরি ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাহিদের খেলার সম্ভাবনা রয়েছে।
নাহিদের পাশাপাশি টেস্ট দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও। অমিত হাসানও জায়গা পাননি এবারের স্কোয়াডে। অন্যদিকে দলে ফিরেছেন জাকের আলী অনিক।
এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারের বিষয়টি বিবেচনায় রেখে টেস্ট দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
এসআর