ব্রাজিল জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার
জুনিয়ারকে। নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পর থেকেই তার অবসরের গুঞ্জন চলছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্তটি নেইমার নিজেই নিয়েছেন। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আগামী ফিফা উইন্ডোর স্কোয়াডে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে না রাখায় এই আলোচনার সূত্রপাত হয়। আনচেলত্তি জানান, নেইমার এক অনন্য প্রতিভা যার কোনো বিকল্প হতে পারে না, তবে তার নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
অবসরের ব্যাপারে নেইমার নিজে সরাসরি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পোর্টস সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি প্রকাশ করেন। তিনি নেইমারের একটি বক্তব্য তুলে ধরে তার অবসরের বার্তা দেন, যেখানে নেইমার উল্লেখ করেন মেটলাইফ স্টেডিয়ামে শুরু হওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ার তিনি সেখানেই শেষ করলেন। শেষ বিশ্বকাপে ফিটনেস সংক্রান্ত জটিলতায় তাকে শুরুর একাদশে কম দেখা গেলেও, নরওয়ের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটি করেন তিনি।
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করা নেইমার দেশের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। যদিও বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের অধরা স্বপ্ন পূর্ণ হয়নি, তবুও সেলেসাওদের হয়ে তার প্রাপ্তির খাতা বেশ সমৃদ্ধ। দলকে ২০১২ সালের অলিম্পিকে রৌপ্য ও ২০১৬ সালে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সব মিলিয়ে ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ফুটবলের ইতিহাসসেরা গোলদাতা হিসেবে বিদায় নিলেন এই তারকা ফরোয়ার্ড।
এসআর