ডারউইন টেস্টে বল হাতে দারুণ পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই এমন অর্জন তানজিদের কাছে বিশেষ হয়ে উঠেছে। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের চাহিদাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই ওপেনার।
পরিস্থিতি অনুযায়ী নিজের স্বাভাবিক ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন এনেছেন তিনি।
সেঞ্চুরি পূর্ণ করার পর অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানজিদ বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ।
এখানে খেলতে পারা আমার জন্য দারুণ একটি সুযোগ।
এটি আমার প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলা এবং ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি পাওয়াটা সত্যিই আমার জন্য অনেক বিশেষ।’
দলের পরিকল্পনা বাস্তবায়ন করতেই নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর কথা জানিয়ে তানজিদ বলেন, দল তার কাছে যে ধরনের ব্যাটিং চেয়েছে, তিনি সেটিই করার চেষ্টা করেছেন।
উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখার পাশাপাশি প্রতিপক্ষের বিভিন্ন আক্রমণ সামলে শান্ত থাকার চেষ্টা করেছেন।
তবে সেঞ্চুরি পাওয়ার পরও ব্যক্তিগত অর্জন নিয়ে বেশি ভাবছেন না তানজিদ। তার পুরো মনোযোগ এখন দলের দিকে।
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
তানজিদের মতে, ম্যাচের বাকি সময়গুলোতে বাংলাদেশ যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে বড় কোনো সাফল্য পাওয়াও সম্ভব।
এসআর