[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে ভারতের ফলের ওপর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ১০:০১ পিএম

সংগৃহীত ফাইল

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।

র‍্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি বিশ্বকাপে যাওয়ার বাকি একটি জায়গার জন্য এখন লড়াই হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। সেই লড়াইয়ের ফল নির্ধারণে ভারতের ম্যাচও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

২০২৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে। র‍্যাংকিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আগামী ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত কাটঅফের সময় র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো এই সুযোগ পাবে।

 

স্বাগতিক হওয়ার কারণে র‍্যাংকিংয়ের শীর্ষ দশের বাইরে থেকেও বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় নবম অবস্থানে থাকা দলটির জন্যও বিশ্বকাপের দরজা খুলে যাচ্ছে। আর সেই জায়গাটির দাবিদার এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

 

বর্তমানে র‍্যাংকিংয়ে বাংলাদেশ নবম অবস্থানে রয়েছে। তবে সেপ্টেম্বরের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ফল এই অবস্থান বদলে দিতে পারে। একই সময়ে বাংলাদেশেরও ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সেই সিরিজের আয়োজন এখনো অনিশ্চিত।

 

এ কারণেই বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয় দল পয়েন্ট হারালে বাংলাদেশের বর্তমান অবস্থান ধরে রাখার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা পাবে।

 

অন্যদিকে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ভালো ফল করলে বাংলাদেশের ওপর চাপ বাড়বে। তখন র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ক্যারিবীয়দের জন্য।

 

বাংলাদেশের নিজেদের সম্ভাব্য সিরিজের বিষয়টিও তাই গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশ সিরিজ শেষ পর্যন্ত মাঠে গড়ালে সেখানে ভালো ফল করে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ থাকবে টাইগারদের। আর সিরিজটি না হলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের ফলের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

 

সব মিলিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে এখন নিজেদের র‍্যাংকিং ধরে রাখার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ফলাফলের দিকেও নজর রাখার সমীকরণ তৈরি হয়েছে

এসআর

সম্পর্কিত খবর