পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন এই তারকা জুটি।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে পর্তুগালের মাদেরা দ্বীপের রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। পরে অতিথিদের জন্য সংবর্ধনা ও আপ্যায়নের আয়োজন রাখা হয়েছে শহরের একটি বিলাসবহুল পাঁচতারকা হোটেলে।
বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে ওই হোটেলের কিছু অংশ নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অনুষ্ঠানে অতিথিদের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এর আগে বিয়ের ভেন্যু হিসেবে পর্তুগালের ঐতিহাসিক ‘কুইনতা দা রেগালেইরা’ এস্টেটের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত সেটি সত্য হয়নি। কারণ নির্ধারিত সময়ে স্থানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকায় সেই গুঞ্জন ভেস্তে যায়।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল খেলোয়াড় রোনালদোর বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের কারণে বিশ্বের যেকোনো স্থানে বিয়ের আয়োজন করা সম্ভব ছিল। তবে নিজের জন্মভূমি মাদেরাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্য বেছে নেওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে।
মাদেরার ফুঞ্চালেই রোনালদোর শৈশব কেটেছে। সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসে অল্প বয়সে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে জন্মশহরে তার নামে হোটেল ও ভাস্কর্যও রয়েছে।
রোনালদো ও জর্জিনা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন এবং তাদের পরিবারে একাধিক সন্তান রয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
এসআর