[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

মেসির বাবার মৃত্যু, জানা গেল যে তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ৮:৩০ পিএম

সংগৃহীত ফাইল

লিওনেল মেসির বাবা জর্জ মেসি মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়েস এবং স্পেনের মার্কা।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়নি।
জর্জ মেসি কোন রোগে আক্রান্ত ছিলেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।


২০২৬ বিশ্বকাপ চলাকালেও মেসির বাবার অসুস্থতার বিষয়টি আলোচনায় আসে। একটি ম্যাচে গোল করার পর মেসিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তার কান্নার সঙ্গে মাঠের পারফরম্যান্স বা ফুটবলের কোনো বিষয় জড়িত ছিল না। এরপরই জর্জ মেসির শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।


পরিবারের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, জর্জ একটি শারীরিক সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।


তবে শেষ পর্যন্ত দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেন না মেসির বাবা।
মেসির ফুটবল ক্যারিয়ারে জর্জ মেসির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রোজারিওতে মেসির শৈশবের দিনগুলো থেকে শুরু করে স্পেনে তার নতুন জীবন শুরুর সময় পর্যন্ত বাবাকে পাশে পেয়েছেন তিনি। কিশোর বয়সে বার্সেলোনায় যাওয়ার পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সময় জর্জ কিছুদিন ছেলের সঙ্গেই ছিলেন।


মেসি ধীরে ধীরে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হওয়ার পরও তার পেশাগত জীবনে বাবার সম্পৃক্ততা বজায় ছিল। মেসির ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও ব্যবস্থাপনায় জর্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দীর্ঘ সময় ছেলের অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।


জনসমক্ষে খুব বেশি উপস্থিত না হলেও মেসির ক্যারিয়ারের পেছনে নীরবে কাজ করেছেন জর্জ। রোজারিওর এক সাধারণ কিশোর থেকে লিওনেল মেসির বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় বাবার অবদান তাই বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


তবে জর্জ মেসির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং তিনি ঠিক কোন রোগে ভুগছিলেন, সে বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এসআর

সম্পর্কিত খবর