[email protected] বৃহঃস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের স্বপ্নের শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ফাইল

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দারুণ এক দিন পার করেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টের প্রথম দিনেই বল হাতে দুর্দান্ত সাফল্যের পর ব্যাটিংয়েও দৃঢ়তা দেখিয়েছে টাইগাররা। দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট।

 

বুধবার (১৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই বাংলাদেশি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

 

অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। দেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে শুধু পেসারদের সব উইকেট নেওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার।

 

বাংলাদেশের বোলিংয়ের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। দুর্দান্ত পেসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে অন্তত পাঁচ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হওয়ার কীর্তিও গড়েছেন হাসান। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

 

অস্ট্রেলিয়ার হয়ে একাই প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ। ৭১ রানের ইনিংস খেললেও দলের আর কোনো ব্যাটার ২৫ রানের বেশি করতে পারেননি।

 

১৯৯ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করে। উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করার পর ২০ রানে মিচেল স্টার্কের বলে আউট হন সাদমান ইসলাম। এরপর তানজিদ হাসান ও মুমিনুল হক পরিস্থিতি সামলে নেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৬০ রান।

 

দিনের খেলা শেষ হওয়ার সময় মুমিনুল ৩৫ ও তানজিদ ৩২ রানে অপরাজিত ছিলেন। ফলে প্রথম দিন শেষে ম্যাচে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত। এই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

 

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮/১০ (স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩, হেড ২২, ক্যারি ১৯; হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫)।

 

বাংলাদেশের প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮)।

এসআর

সম্পর্কিত খবর