দীর্ঘ আলোচনার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে
সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবেই থেকে যাচ্ছেন তিনি। স্প্যানিশ ক্লাব কর্তৃপক্ষ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।
এর আগে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ ও চুক্তি নবায়ন নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে তৈরি হওয়া অচলাবস্থার কারণে নানান গুঞ্জন ছড়ায়। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুনে ক্লাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই পক্ষের প্রতিনিধিরা বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে রিয়াল মাদ্রিদ নতুন ও উন্নত আর্থিক প্রস্তাব পেশ করলে ইতিবাচক অগ্রগতি ঘটে এবং তার পরদিনই চুক্তি চূড়ান্ত হয়।
সূত্র জানায়, রিয়ালের আগের প্রস্তাবটি ছিল বছরে ২২ মিলিয়ন ইউরো (প্রায় ২৫.৩ মিলিয়ন ডলার)। অথচ পুরনো চুক্তির শেষ বছরে ভিনিসিয়ুস বার্ষিক প্রায় ১৭.৫ মিলিয়ন ইউরো পেতেন এবং নতুন চুক্তিতে তিনি বছরে ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪.৬ মিলিয়ন ডলার) দাবি করেছিলেন। তবে মাদ্রিদ নতুন করে উন্নত অফার দিলে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
ইউরোপীয় ফুটবলের বাজারে গুঞ্জন ছিল—চলতি গ্রীষ্মে চুক্তি শেষ না হলে ভিনিসিয়ুসকে ছেড়ে দিতে রাজি ছিল রিয়াল। সেই সুযোগে তাকে রেকর্ড ফি দিয়ে দলে ভিড়াতে আগ্রহী হয়ে উঠেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে শেষ পর্যন্ত গানারদের হতাশ করে সান্তিয়াগো বার্নাবেউতেই থাকার সিদ্ধান্ত নেন এই ফরোয়ার্ড।
২০১৮ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে গত আট মৌসুমে ক্লাবের হয়ে ৩৭৫টি ম্যাচে ১২৮টি গোল করেছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এই সময়ে রিয়ালের হয়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপসহ মোট ১৫টি ট্রফি জিতেছেন।
এসআর