[email protected] শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা, আয়োজক তিন দেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১০:৩৭ এএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে টুর্নামেন্টের ভেন্যুগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। মোট ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইসিসি আনুষ্ঠানিকভাবে ভেন্যুগুলোর নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আফ্রিকা আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে।

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল।

নতুন আসরের ভেন্যু ঘোষণাকে কেন্দ্র করে জোহানেসবার্গে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন।

দক্ষিণ আফ্রিকার আটটি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। এগুলো হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, শোয়ানের সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেখার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোমপো সিটির বাফেলো পার্ক।

জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসে নির্মিত নতুন ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

অন্যদিকে নামিবিয়ার সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।

২০২৭ বিশ্বকাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উবুন্টু’, যা আফ্রিকান সংস্কৃতিতে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা, সংহতি এবং সম্মিলিতভাবে এগিয়ে চলার দর্শনকে তুলে ধরে।

তবে উদ্বোধনী ম্যাচ, দুই সেমিফাইনাল এবং ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি আইসিসি।

সংস্থাটি জানিয়েছে, পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচভিত্তিক ভেন্যুর বিস্তারিত প্রকাশ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর